ধনী হতে চান? সফল বিনিয়োগকারীদের এই ৫টি সকালের অভ্যাস আজ থেকেই শুরু করুন

A person checks cryptocurrency values on a smartphone with a laptop and Bitcoins nearby.

আপনি কি জানেন, দুনিয়ার যত সফল বিনিয়োগকারী আছে তাদের মধ্যে একটি অদ্ভুত মিল আছে? সেটি তাদের ব্যাংক ব্যালেন্স নয়, সেটি হলো তাদের সকালের রুটিন। বলা হয়ে থাকে, আপনার সকালটা যেভাবে শুরু হয়, আপনার সারা দিন এবং ভবিষ্যৎ সেভাবেই গড়ে ওঠে।”

একজন সাধারণ মানুষ সকালে ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া চেক করেন, আর একজন সফল বিনিয়োগকারী সকালে উঠেই চেক করেন তার লক্ষ্য এবং বিশ্বের অর্থনৈতিক অবস্থা, সারাদিনের কর্মপন্থা। আপনি যদি শেয়ার বাজার বা ব্যবসায় সম্পদ গড়তে চান, তবে শুধু টাকা থাকলেই হবে না, প্রয়োজন সঠিক মানসিকতা ও একটি রুটিন। আজ আমরা জানব এমন ৫টি সকালের অভ্যাসের কথা, যা আপনাকে একজন সাধারণ বিনিয়োগকারী থেকে “স্মার্ট ইনভেস্টর”-এ পরিণত করতে সহায়তা করবে।

ফিন্যান্সিয়াল নিউজ বা খবর পড়া

সফল বিনিয়োগকারীরা কখনোই অনুমানের ওপর ভিত্তি করে টাকা খাটান না। তাদের দিনের শুরু হয় পড়াশোনা দিয়ে। সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে স্ক্রল না করে দেশের এবং বিশ্বের অর্থনীতির খবর নিন। ডলারের দাম বাড়ল কিনা, কোনো নতুন নীতি এলো কিনা বা বিশ্ববাজারে তেলের দাম কেমন, দেশের বিনিয়োগ বাজারে নতুন কোন পরিবর্তন হলো কিনা—এসব খবর আপনার বিনিয়োগ মানষিকতা বা চলতি ব্যবসার ওপর সরাসরি প্রভাব ফেলে। ১০-১৫ মিনিট সময় নিয়ে কোনো নির্ভরযোগ্য পত্রিকা বা বিজনেস পোর্টাল পড়ুন।

গ্লোবাল মার্কেট বা বিশ্ববাজার পর্যবেক্ষণ

বাংলাদেশের শেয়ার বাজার বা অর্থনীতি বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয়। সফলরা জানেন, আমেরিকায় আজ যা ঘটে, কাল তার প্রভাব বাংলাদেশে পড়তে পারে। সকালে একবার দেখুন এশিয়ান মার্কেট বা ইউএস মার্কেটের অবস্থা কেমন ছিল। ফরেক্স মার্কেট বা কমোডিটি মার্কেটের দিকে নজর দিন। যদি দেখেন বিশ্ববাজারে বড় পতন হয়েছে, তবে আপনাকেও নতুন বিনিয়োগ বা শেয়ার বাজারের কেনাকাটায় সতর্ক থাকতে হবে। এটি আপনাকে অযথা লস থেকে বাঁচাবে।

দিনের পরিকল্পনা বা “টু-ডু লিস্ট” তৈরি

শেয়ার বাজারে একটি কথা খুব প্রচলিত— “Plan your trade and trade your plan.” সফলরা মার্কেট খোলার আগেই ঠিক করে রাখেন আজ তারা কী করবেন। আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন না। আজ কোন শেয়ারটি কিনবেন বা কোনটি বিক্রি করবেন, তা মার্কেট খোলার আগেই ডায়েরিতে লিখে ফেলুন। মার্কেট চলাকালীন হুট করে সিদ্ধান্ত নেওয়া বা “প্যানিক সেল” করা সফলদের স্বভাব নয়। অন্য যে কোন বিনিয়োগের আগে সময় নিয়ে বিশ্লেষন করুন। কত শতাংশ লভ্যাংশ আশা করেন, কত সময় পর্যন্ত বিনিয়োগ করতে চান, কত শতাংশ পর্যন্ত লস নিতে পারবেন, এক্সিট প্লান ইত্যাদি।

শরীর মনের যত্ন

শুনতে অবাক লাগলেও, বিনিয়োগের সাথে স্বাস্থ্যের গভীর সম্পর্ক আছে। বিনিয়োগ বা ব্যবসা প্রচুর মানসিক চাপের কাজ। সকালে ২০ মিনিট ব্যায়াম বা মেডিটেশন আপনার মস্তিষ্ককে শান্ত রাখে। মাথা ঠান্ডা থাকলে আপনি ভুল সিদ্ধান নেয়া থেকে বিরত থাকবেন এবং কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। মনে রাখবেন, স্বাস্থ্যই সকল সুখের (এবং সম্পদের) মূল।

 

নিজের পোর্টফোলিও বা লক্ষ্য রিভিউ করা

সফলরা প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেন তারা কেন এই টাকা বিনিয়োগ করেছেন। সকালে এক নজরে আপনার পোর্টফোলিও দেখুন, তবে দাম বাড়ল না কমল তা দেখার জন্য নয়। দেখুন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক আছে কিনা। প্রতিদিন নিজের লক্ষ্য (যেমন: ৫ বছর পর বাড়ি কেনা বা রিটায়ারমেন্ট ফান্ড) স্মরণ করলে ছোটখাটো লস বা বাজারের পতনে আপনি ভয় পাবেন না। এটি আপনাকে ফোকাসড থাকতে সাহায্য করবে।

 

উপসংহার

বড়লোক হওয়া কোনো জাদুর বিষয় নয়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার ফলাফল। আপনি যদি আজ থেকেই এই ৫টি অভ্যাস গড়ে তুলতে পারেন, তবে আপনার চিন্তাভাবনায় আমূল পরিবর্তন আসবে। মনে রাখবেন, টাকা আয় করা সহজ, কিন্তু সেই টাকাকে ধরে রাখা এবং বৃদ্ধি করার জন্য প্রয়োজন শৃঙ্খলা।